প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ঢাকাকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও উন্নতমানের বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, আত্মবিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 'অন্যদের কথা বাদ দিন, নিজের সন্তানের জন্য অন্তত একটি স্বাস্থ্যকর পরিবেশ ও একটি পরিচ্ছন্ন শহর গড়ে তুলি। আসুন, আমরা সবাই মিলে সেই সৎ চেষ্টা করি; চেষ্টা করলে আমরা অবশ্যই পারব।'
সোমবার (১৯ অক্টোবর) নগর ভবন পরিদর্শনকালে এক মতবিনিময়সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, 'এই বিশাল সমস্যা একদিন বা সাতদিনে সমাধান করা সম্ভব নয়। তবে সবাই যদি নিজেদের জায়গা থেকে আন্তরিকভাবে কাজ করেন, তবে ধীরে ধীরে পরিস্থিতির ইতিবাচক রূপান্তর ঘটবে।' তিনি লন্ডনের উদাহরণ টেনে বলেন, ধারাবাহিক প্রশাসনিক প্রচেষ্টা ও নাগরিকদের সচেতনতার কারণে লন্ডন আজ বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন নগরীতে পরিণত হয়েছে।











