ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, স্কুলে নানা সংকট ও সরকারি সেবার মান খারাপ হওয়ার প্রতিবাদে দেশজুড়ে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। শনিবার রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ফরাসি সরকার জানিয়েছে, দেশজুড়ে প্রায় সাড়ে ৫ লাখ মানুষ বিক্ষোভে অংশ নেয় এবং অন্তত ১ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সিজিটি ইউনিয়ন জানিয়েছে, প্রায় ৮ লাখ মানুষ বিক্ষোভ করেছে।
প্যারিসে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। রাজধানীর বিভিন্ন সড়ক ও গাড়িতে আগুন দেওয়া হয়, কয়েকটি দোকানে লুটপাট হয় এবং একটি রেস্তোরাঁ আগুনে পুড়ে যায়। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘উগ্র বামপন্থীদের’ এই অস্থিরতার জন্য দায়ী করেছে। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু বলেছেন, সহিংসতায় ১৫০ পুলিশ সদস্য আহত হয়েছেন।







