ফিনল্যান্ডে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ফিনল্যান্ড-এর উদ্যোগে প্রথমবারের মতো পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) এই মিলনমেলা আয়োজিত হয়, যেখানে ফিনল্যান্ডের বিভিন্ন শহর থেকে প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্মৃতিচারণ, আড্ডা এবং পরিচিতদের সঙ্গে দেখা হওয়ার আনন্দঘন মুহূর্ত উপভোগ করেন সকলে।
সংগঠনটির দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত মেধা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম গড়ে তোলা, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে অবদান রাখবে। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, পেশাগত প্রশিক্ষণ এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের পরিকল্পনা রয়েছে। সংগঠনটি ফিনল্যান্ড ও বাংলাদেশের মধ্যে শিক্ষা, গবেষণা ও সংস্কৃতি বিনিময়ের সেতুবন্ধন তৈরি করতে চায়।




