শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে চলমান মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) বন্ধ করে দিয়েছেন। গতকাল মঙ্গলবার শিক্ষার্থীরা পরীক্ষার সরঞ্জাম ও নমুনা সংগ্রহের দুটি গাড়ি ক্যাম্পাসে নিয়ে আসেন। তারা তিন দিনের মধ্যে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান এবং সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে রিট পিটিশন করার দাবি জানিয়েছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন মাঠটি পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন ও আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন তারা। স্নাতকোত্তর শিক্ষার্থীরাও ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন। উপাচার্য জানিয়েছেন, রিট করার বিষয়ে কমিটি এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি।










