রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা মধ্যরাতে সড়কে নেমে বিক্ষোভ করেছেন। অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তাঁরা এই আন্দোলন শুরু করেন।
বৃহস্পতিবার সকাল থেকে অধ্যক্ষকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার পর রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাঁকে উদ্ধার করে। এরপর ছাত্রীরা কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পূজার ছুটির আগে আয়োজিত একটি অনুষ্ঠানে নির্ধারিত সময়ের পর অডিটোরিয়াম ব্যবহারের অভিযোগে দুই ছাত্রীর আসন বাতিল করেন অধ্যক্ষ। পরে ক্ষমা চাইতে গেলে তাঁদের কাছ থেকে ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করা হয় বলে অভিযোগ শিক্ষার্থীদের।






