প্যারিসের একটি বিলাসবহুল হোটেলে ২০১৬ সালে ঘটে যাওয়া অস্ত্রধারী ডাকাতির ঘটনায় তারকা কিম কার্দাশিয়ানকে প্রতীকী ১ ইউরো (প্রায় ১.১৫ ডলার) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন ফ্রান্সের একটি আদালত। কিমের আইনজীবী জানিয়েছেন, এই ক্ষতিপূরণের চেয়ে আসামিদের অপরাধ স্বীকার ও জবাবদিহিতার ওপরই বেশি জোর দিয়েছিলেন কিম।
ঘটনাটিকে জীবনের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতা উল্লেখ করে কিম ফরাসি বিচার ব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই মামলায় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া হোটেলের সাবেক এক রিসেপশনিস্টকে ১,০৯,৫১৬ ইউরো এবং হোটেল কর্তৃপক্ষকে ৫০,০০০ ইউরো ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। ২০১৬ সালের ২ অক্টোবর প্যারিস ফ্যাশন উইক চলাকালে পুলিশের ছদ্মবেশে আসা ডাকাত দল কিমের কাছ থেকে প্রায় ৬ মিলিয়ন ডলার মূল্যের গয়না লুট করে নিয়ে যায়।






