রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্রের মহড়া ও শোডাউনের ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা ‘ফোর স্টার’ গ্রুপের মশিউর–মামুন গ্রুপের সাতজন এবং মোক্তার গ্রুপের একজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে এসআরবি। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলি, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জুয়েল রানা, সায়মন, রমজান, বিজয়, ফজলে রাব্বি চিকু, আফসার হোসেন জিম, জাহাঙ্গীর হোসেন ও মিশন ইসলাম ওরফে মিনহাজুল ইসলাম। তাঁদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসআরবি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা জমি দখল, চাঁদাবাজি, অস্ত্রের মহড়া এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।








