নতুন সরকার ক্ষমতায় আসার পরও ঘুষের প্রতিযোগিতা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সদস্য (এমপি) হাসনাত আবদুল্লাহ। তিনি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফালতু সফটওয়্যারের হয়রানিমূলক নিবন্ধন সিস্টেম আমূল সংস্কার করুন এবং বিএমইটি কার্ডের হয়রানি থেকে প্রবাসীদের মুক্ত করুন।
এমপি আবদুল্লাহ জানান, বিগত এক সপ্তাহ ধরে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কার্ড বরাদ্দ বন্ধ রয়েছে এবং ব্যাক-চ্যানেলে বেশি টাকায় কার্ড দেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, বিএমইটি কার্ডের প্রয়োজনীয়তা কী? প্রবাসী শ্রমিকদের জন্য ডেটাবেজ তৈরি অপরিহার্য, প্লাস্টিক কার্ডের ব্যবসা নয়। তিনি আরও বলেন, এপিআইভিত্তিক রিয়েল-টাইম সনদ যাচাই পদ্ধতি সম্পর্কে সরকারের জ্ঞান নেই অথবা দুর্নীতি ও ঘুষচক্র জারি রেখে দালালচক্রকে সুবিধা দেওয়াই তাদের উদ্দেশ্য।


