ভারতের রাজধানী দিল্লিতে প্রায় দেড় শ বছরের পুরোনো রেসকোর্স মসজিদে উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছে। মসজিদটি ওয়াকফ সম্পত্তি এবং পৌরসভার খাতায় 'ঐতিহ্যবাহী সম্পত্তি' হিসেবে তালিকাভুক্ত থাকা সত্ত্বেও দিল্লির জমি ও উন্নয়ন দপ্তর এটিকে 'অবৈধ নির্মাণ' হিসেবে চিহ্নিত করেছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের কাছে ব্যাপক উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এই নোটিশ দেওয়া হয়েছে।
মসজিদ কর্তৃপক্ষকে ছয় দিনের মধ্যে প্রাঙ্গণ খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়েইসি এবং জামিয়াত উলামায়ে হিন্দের প্রতিনিধিদল কেন্দ্রীয় মন্ত্রীর কাছে হস্তক্ষেপ কামনা করেছে।







