কুমিল্লার একটি আদালত প্রাঙ্গণে মামলার বাদী সালমা আক্তারকে চড়-থাপ্পড় মারার অভিযোগে আওয়ামী মহিলা লীগ নেত্রী শাহনাজ আক্তার সুমনাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১ নম্বর আমলি আদালতে এ ঘটনা ঘটে। বিচারক আবিদা সুলতানা মলির নির্দেশে তাকে আদালতের হাজতখানায় পাঠানো হয়।
আটক সুমনা দাউদকান্দি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী মহিলা লীগের সভাপতি। ঘটনার পর আইনজীবীরা তার জামিন বাতিলের আবেদন করেন এবং জানান, তার বিরুদ্ধে আরও তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ভুক্তভোগী সালমা আক্তার ঘটনার সুষ্ঠু তদন্ত ও সিসিটিভি ফুটেজ পরীক্ষার দাবি জানিয়েছেন।








