দিল্লির বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তির নির্দেশ দিয়েছেন। গত ১৪ অক্টোবর থেকে তারা দিল্লির তিহার জেলে বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন। পুলিশ তাদের আরও তিন দিনের হেফাজতে রাখার আবেদন করলেও আদালত জামিন বন্ড ও জামিনদারের তথ্য পর্যালোচনার পর মুক্তির আদেশ দেন।
এর আগে গত ১০ অক্টোবর দিল্লি বিমানবন্দর থেকে আটক হওয়ার পর ৫০ হাজার রুপি মুচলেকা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার শর্তে তাদের মুক্তি দেওয়া হয়েছিল। তবে ১৩ অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে নিষেধাজ্ঞা অমান্য ও বন্ড ভাঙার দায়ে ১৪ অক্টোবর তাদের পুনরায় আটক করা হয়।





