আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা জাপানকে এক জটিল কূটনৈতিক বাস্তবতার মুখে দাঁড় করিয়েছে। একদিকে টোকিও আদালতের স্বাধীনতা ও আইনের শাসনের প্রতি সমর্থন জানাচ্ছে, অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে নিরাপত্তানির্ভর মিত্রতা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছে। ফলে আইসিসি প্রশ্নটি এখন শুধু আন্তর্জাতিক বিচারব্যবস্থার বিতর্ক নয়, জাপানের পররাষ্ট্রনীতির ওপরও বড় চাপ সৃষ্টি করেছে।
যুক্তরাষ্ট্র ৯ অক্টোবর আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। এর আওতায় আদালতের সম্পদ জব্দ, মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনে বাধা এবং আদালতের কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে পূর্ণ বাস্তবায়নের আগে ১৮০ দিনের ছাড় রাখা হয়েছে, যা সদস্যরাষ্ট্রগুলোকে ওয়াশিংটনের আপত্তি নিয়ে আলোচনার সুযোগ দিচ্ছে।







