ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন। বুধবার তিনি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার মধ্যে সৌদি আরবের প্রতি সংহতি জানাতে তার এই সফর।
চলতি মাসে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা হামলা জোরদার করার পর ম্যাখোঁই প্রথম পশ্চিমা নেতা যিনি সৌদি আরব সফর করছেন। উপসাগরীয় অঞ্চলে তার সফরের অন্যতম উদ্দেশ্য হলো ডিজেল ও পেট্রলের সরবরাহ নিশ্চিত করা। ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং জ্বালানির দাম নিয়ে সৃষ্ট অসন্তোষের মধ্যে তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।







