ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী হরমুজ প্রণালির দিকে এগিয়ে এলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দেশটির জ্যেষ্ঠ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী আজমাই এ হুমকি দেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ। টেলিভিশনে দেওয়া বক্তব্যে আলী আজমাই বলেন, ‘আমরা অপেক্ষা করছি, মার্কিন যুদ্ধজাহাজগুলো হরমুজ প্রণালির প্রবেশমুখের দিকে এগিয়ে আসুক, যাতে আমরা সেগুলো ডুবিয়ে দিতে পারি।’
আজমাই দাবি করেন, নিজেদের ঝুঁকির কারণে মার্কিন যুদ্ধজাহাজগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের কাছে আসার সাহস করছে না। তিনি বলেন, ১৩ বিলিয়ন বা ১ হাজার ৩০০ কোটি ডলার মূল্যের একটি মার্কিন বিমানবাহী রণতরি হরমুজ প্রণালি থেকে ৭০০ কিলোমিটার বা প্রায় ৪৩৫ মাইল দূরে সরে গেছে। তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি দেখতে চায় হরমুজ প্রণালি খোলা নাকি বন্ধ, তাহলে তাদের মাঠে আসতে হবে এবং দেখতে হবে, এর নিয়ন্ত্রণ কার হাতে।’












