ইরানের কর্তৃপক্ষ স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবাকে ‘শত্রুদের যুদ্ধের হাতিয়ার’ হিসেবে আখ্যায়িত করেছে। দেশটির সর্বোচ্চ জাতীয় সাইবারস্পেস কাউন্সিলের সচিব মোহাম্মদ আমিন আগামি বলেছেন, শত্রুপক্ষ কমান্ড, গুপ্তচরবৃত্তি ও তথ্য সংগ্রহের জন্য এই সেবা ব্যবহার করছে। তিনি আরও জানান, স্টারলিংকের স্যাটেলাইট টার্মিনাল বন্ধ করার জন্য ইরানের হাতে একাধিক ব্যবস্থা রয়েছে।
ইরানে স্টারলিংক ব্যবহার বা এর টার্মিনাল নিজের কাছে রাখলে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। জাতীয় নিরাপত্তা বা গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ডেরও বিধান রয়েছে। কর্তৃপক্ষ সিগন্যাল জ্যামিং, ভুয়া জিপিএস অবস্থান ব্যবহার এবং ডিভাইস জব্দের মাধ্যমে স্টারলিংক সংযোগ ব্যাহত করার চেষ্টা করছে।







