সৌদি আরবে মসজিদের ভেতরে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বলরামপুর গ্রামের শেখ সাহাবুদ্দিন, যিনি মসজিদের পরিছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। অভিযোগ রয়েছে, সাহাবুদ্দিন সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন।
এই ঘটনার পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে কারাদণ্ড দেওয়া হয়। সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর সাহাবুদ্দিনের পরিবার তাঁর মুক্তির জন্য উদ্বেগ প্রকাশ করেছে। তাঁর মা কোহিনূর বিবির আবেদন, তাঁর ছেলে নির্দোষ এবং ভুলবশত ভিডিওটি শেয়ার করেছিলেন। পরিবার ও স্থানীয়রা সাহাবুদ্দিনের মুক্তির জন্য তৎপরতা শুরু করেছেন এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।







