সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করে লোক জড়ো করা হয়। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানেও মারধর করা হয় এবং পরে টেনেহিঁচড়ে বাইরে এনে আবার পেটানো হয়।
ফেসবুকের পোস্ট ও ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের বাসিন্দা ফজলুল হক আমিনী লোকজন জড়ো করতে দুই দফা লাইভ করেন। প্রথম লাইভে তিনি একটি অডিও শোনান এবং ধর্ম অবমাননার অভিযোগ তুলে শামীমের শাস্তির দাবি জানান। দ্বিতীয় লাইভে তিনি পল্লিচিকিৎসকের চেম্বারের সামনে আসেন যেখানে শামীম চিকিৎসা নিচ্ছিলেন এবং সেখানে লোকজনকে আসার আহ্বান জানান। পরে শামীমকে তাঁদের হাতে তুলে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়।








