রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের গুদাম ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে একদল সন্ত্রাসী। তারা ‘এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দিতে হবে’ বলে হুমকি দেয়। ভাঙচুরের পর কয়েক লাখ টাকার পণ্য ও সিসি ক্যামেরা খুলে নিয়ে যায় হামলাকারীরা।
মঙ্গলবার সন্ধ্যায় শিকদার মেডিকেল কলেজসংলগ্ন কার্যালয়ে এ ঘটনা ঘটে। মুখোশ ও হেলমেট পরা সন্ত্রাসীরা দেয়াল টপকে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীদের মারধর করে। পরে গুদামে ঢুকে ক্যামেরা, ডিভিআর, আসবাবপত্র ভাঙচুর এবং বেশ কয়েকটি ল্যাপটপ লুট করে নেয়। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, দুই বছর আগে তারা জমিটি ভাড়া নিয়েছিল এবং এতদিন তারা শিকদার গ্রুপকে ভাড়া দিয়ে আসছিল।








