অভিনেত্রী শাকিলা পারভীন 'আমরা ভাইরাল' নামের একটি নতুন ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। আল আমিন স্বপনের গল্পে সাজিন আহমেদ বাবুর পরিচালনায় এই নাটকে তিনি বহ্নি চরিত্রে অভিনয় করবেন। নাটকটি আগামী ২৪ সেপ্টেম্বর থেকে একটি ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হবে। শাকিলা পারভীন জানান, এই নাটকে তার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ এবং দর্শকের ভালো লাগার মতো। তিনি আশা করছেন ৫২ পর্বের এই ধারাবাহিকটি সবার ভালো লাগবে।
পরিচালক সাজিন আহমেদ বাবু বলেন, এই ধারাবাহিকে দর্শকদের বিনোদনের পাশাপাশি সমসাময়িক বাস্তবতার নানা দিক হাস্যরসের মোড়কে তুলে ধরা হয়েছে। শাকিলা পারভীন এর আগেও সাজিন আহমেদ বাবুর পরিচালনায় অভিনয় করেছেন। তার অভিনীত সবশেষ নাটক ছিল মোশাররফ করিমের বিপরীতে 'সেম সেম বাট ডিফারেন্ট'।









