মৌ শিখা, যিনি মা চরিত্রে অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত, ২০০০ সালে 'মিলেনিয়াম ফটোসুন্দরী' প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছিলেন। ২০০০ সালের আগে তিনি 'নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল'-এর সঙ্গে যুক্ত ছিলেন এবং 'জনতার রঙ্গশালা', 'বিবিসাব', 'চাঁদ বণিকের পালা' নাটকে অভিনয় করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্নকারী মৌ শিখা 'গন্তব্যে অতঃপর' নাটকের মাধ্যমে অভিনয়ে আসেন।
তিনি শিহাব শাহীন, মাবরুর রশীদ বান্নাহ, সরদার রোকন, ইমরাউল রাফাতসহ অনেক পরিচালকের নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত প্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে মহিদুল মহিম পরিচালিত 'গোলাপী কামিজ' ও রুবেল হাসান পরিচালিত 'রাজকুমার'। তার প্রথম সিনেমা ছিল গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত 'মনপুরা'। এছাড়া 'ঢাকা অ্যাটাক', 'মিশন এক্সট্রিম', 'আমার স্বপ্ন আমার সংসার' এবং কলকাতার 'নিরীক্ষণ' ও 'চালবাজ' সিনেমায় অভিনয় করেছেন।









