যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশি নাগরিককে খুঁজছে পুলিশ। ৩১ বছর বয়সী শওকত আহমেদ ও ৩৪ বছর বয়সী জাহিদুল হাসান জায়গীরদার নামের এই ব্যক্তিদের অবস্থান শনাক্ত করতে সাধারণ মানুষের সহায়তা চাওয়া হয়েছে। এই ঘটনায় জড়িতদের ধরতে দাতব্য সংস্থা ক্রাইম স্টপার্স ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে।
পুলিশের মতে, ১ আগস্ট রাতে বেথনাল গ্রিন এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। শওকত আহমেদ যুক্তরাজ্যে এবং জাহিদুল হাসান বাংলাদেশে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও অন্যান্য তদন্ত চালিয়ে যাচ্ছে।








