যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে এক হিন্দু মন্দিরে হামলা চালিয়ে গণহত্যার পরিকল্পনার অভিযোগে আলেক্সান্দ্রোস পাপোরাকিস নামে এক শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী মতাদর্শে বিশ্বাসী তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ বছর বয়সী এই তরুণ সহকর্মীদের কাছে ভারতীয়দের হত্যা করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী হুমকি দেওয়া ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পাপোরাকিস ভারতীয়, ইহুদি ও কৃষ্ণাঙ্গদের 'মানুষের চেয়ে নিকৃষ্ট' হিসেবে বর্ণনা করে একটি নথি সহকর্মীদের পাঠিয়েছিলেন। তিনি নিজেকে নব্য-নাৎসি হিসেবে পরিচয় দিতেন এবং প্রায় দুই বছর ধরে হামলার পরিকল্পনা করছিলেন। তার বাড়ি থেকে একটি রাইফেল, গুলিভর্তি ম্যাগজিন ও নাৎসি প্রতীকসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।







