ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধের প্রতিবাদে আন্দোলন করার দায়ে গ্রেপ্তার করা হয়েছিল। সাত দিন বিচার বিভাগীয় হেফাজতে থাকার পর তাদের মুক্তি দেওয়া হয়েছে। তবে মুক্তির আগে তারা আদালতে অঙ্গীকার করেছেন যে, যন্তর মন্তরকে আবার বিক্ষোভস্থল হিসেবে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত সেখানে তারা আর কোনো বিক্ষোভের ডাক দেবেন না।
বুধবার নয়াদিল্লির একটি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এই অঙ্গীকারনামা জমা দেন তারা। আদালত তাদের প্রত্যেককে ৫০ হাজার রুপির ব্যক্তিগত বন্ড ও সমপরিমাণ জামিনদারের বন্ড জমা দেওয়ার নির্দেশ দিয়ে মুক্তির আদেশ দেন। তবে তাদের বিরুদ্ধে তদন্ত চলবে বলে আদালত জানিয়েছে।






