ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফার্মেসি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মেরুল বাড্ডা ক্যাম্পাসে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল ফার্মা অলিম্পিয়াড, বিতর্ক, ভিডিও ও পোস্টার প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও একটি সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী শিক্ষা কারিকুলামকে সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন করে সাজানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রম নতুন করে সাজানোর বিষয়ে ভাবার সময় এসেছে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. শরমিন্দ নীলোৎপল। তিনি ফার্মেসি পেশাকে এগিয়ে নিতে পাঠ্যক্রম সময়োপযোগী করা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর জোর দেন।



