ভারতের কলকাতায় অনুষ্ঠিত পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে বাংলাদেশি দুটি চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। পিপলু আর খান পরিচালিত ‘জয়া আর শারমিন’ পেয়েছে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ‘বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড’। মকবুল চৌধুরী পরিচালিত ‘মামুন : ইন প্রেইজ অব শ্যাডোজ’ পেয়েছে বিচারকদের বিশেষ স্বীকৃতি ‘জুরি মেনশন’।
উৎসবটি ৮ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার (এফএফএসআই) পূর্বাঞ্চল শাখা আয়োজনে নন্দন‑৩ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়। মোট ৩৮টি চলচ্চিত্র প্রদর্শিত হয়, যার মধ্যে ১৯টি পূর্ণদৈর্ঘ্য বিভাগে প্রতিযোগিতা করেছিল।






