ইউরোপের কয়েকটি দেশের সুপারমার্কেটের রেফ্রিজারেটর ও ফ্রিজারের তাপমাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সুইডেন, বেলজিয়াম ও লুক্সেমবার্গের চেইনগুলো এই ঘটনার সঙ্গে সাইবার হামলার যোগসূত্র আছে বলে সন্দেহ করছে। গত মাসে ফ্রান্সেও একই ধরনের ঘটনা ঘটেছিল। সুইডেনের সুপারমার্কেট চেইন ‘কোপ’ জানিয়েছে, তাদের ছয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বেলজিয়ামের গণমাধ্যম ল্য সোয়া’র প্রতিবেদন অনুযায়ী, দেশটির কয়েক ডজন দোকান ও সুপারমার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, হ্যাকাররা দূর থেকে ফ্রিজার, রেফ্রিজারেটর ও শীতলীকরণ ক্যাবিনেটের সেটিংস পরিবর্তন করে দেয়। ফলে এসব যন্ত্রের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। দূর থেকে রক্ষণাবেক্ষণের সুবিধার জন্য অধিকাংশ সুপারমার্কেটের শীতলীকরণ ব্যবস্থা ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকে। ফ্রান্সের ঘটনায় হ্যাকাররা ডেনমার্কের প্রতিষ্ঠান ড্যানফসের সরবরাহ করা কন্ট্রোলারগুলোর নিয়ন্ত্রণ নিয়েছিল, যা দেশটির প্রায় ৭০০ সুপারমার্কেটের শীতলীকরণ ইউনিটের ক্ষতি করেছিল।














