জার্মানির ফ্রাঙ্কফুর্টে বিশ্বের বৃহত্তম বইমেলা শুরু হয়েছে, যা আগামী রবিবার পর্যন্ত চলবে। এটি ৭৮তম আসর এবং এতে ১৩০টি দেশের প্রায় চার হাজার প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এবারের মেলায় সম্মানিত অতিথি দেশ চেক প্রজাতন্ত্র। তবে, উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির সংস্কৃতিমন্ত্রী ওতো ক্লেমপিরকে ঘিরে তীব্র অসন্তোষ ও প্রতিবাদ দেখা যায়। তিনি উগ্র ডানপন্থী দলের সদস্য এবং তার বিরুদ্ধে সাংস্কৃতিক অঙ্গনের বিরুদ্ধে নীতি গ্রহণের অভিযোগ রয়েছে।
অন্যদিকে, চেক লেখিকা রাদকা ডেনেমারকোভা তাঁর বক্তব্যে সাহিত্য ও রাজনীতির সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন এবং ক্ষমতাসীনদের জীবন কঠিন করার আহ্বান জানান। তাঁর বক্তব্যের পর দর্শকেরা দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানান। মেলাটি আজ বুধবার থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।





