জাতিসংঘ মানবাধিকার পরিষদে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মানবাধিকার বিষয়ক বাংলাদেশের নেতৃত্বে একটি রেজ্যুলেশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) পরিষদের ৬৩তম অধিবেশনে ‘মানবাধিকার উন্নয়ন ও সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’ শীর্ষক এই রেজ্যুলেশনটি গ্রহণ করা হয়।
বাংলাদেশ, আলজেরিয়া, অস্ট্রিয়া, মিশর, গ্রিস, গায়ানা, কুয়েত ও নেপালকে নিয়ে গঠিত কোর গ্রুপের পক্ষ থেকে রেজ্যুলেশনটির খসড়া উপস্থাপন করা হয়। এতে এআই-এর সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি মানবাধিকারের উন্নয়ন ও সুরক্ষায় এর প্রভাব বিবেচনায় নিয়ে ভারসাম্যপূর্ণ ও মানবাধিকারকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। রেজ্যুলেশনটি উন্নয়নশীল দেশগুলোর অর্থবহ অংশগ্রহণ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপরও জোর দিয়েছে।






