পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ড্রোন হামলা ঠেকাতে পুলিশ মাছ ধরার জাল ব্যবহার করছে। গত এপ্রিলে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) একটি পুলিশ চৌকিতে ড্রোন হামলা চালায়। এই হামলার পর থেকে চৌকিগুলোর ছাদে ও সীমানাপ্রাচীরের মধ্যে কয়েক মিটার উঁচুতে মাছ ধরার জাল টানিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তা ফাইয়াজ খান জানান, এই জালের কারণে ড্রোন হামলা হলে ক্ষয়ক্ষতি অনেক কম হবে। এতে ড্রোন আটকে যাওয়া বা বিস্ফোরিত হলেও বিস্ফোরণের বেশির ভাগ অংশ বাতাসে ছড়িয়ে পড়বে। হাঙ্গু জেলা পুলিশ কর্মকর্তা তারিক হাবিব বলেন, এই জাল বসাতে প্রায় চার লাখ পাকিস্তানি রুপি খরচ হয় এবং ঝুঁকিপূর্ণ পুলিশ স্টেশন ও চৌকিগুলোতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।







