রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মো. আলী হাসান সোহেলসহ প্রায় ৩০ জন বাংলাদেশি নির্মাণশ্রমিক রাশিয়ায় গিয়ে প্রতারণার শিকার হয়েছেন। প্রতিশ্রুত চাকরি না পেয়ে তাঁদের রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়েছে। পেনজা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আলী হাসান জানান, পাঁচ দিনের প্রশিক্ষণ শেষে তাঁদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। রাজি না হলে মারধর ও শাস্তির ভয় দেখানো হয়। তিনি বলেন, ‘অস্ত্র দিয়ে বলে, যুদ্ধ করতে হবে না; সামনে-পিছে যাবা। এটি মরণফাঁদ। গেলেই ইউক্রেনের ড্রোনের হামলার শিকার হতে হয়।’ ইতিমধ্যে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং ৬ জন এখনো যুদ্ধক্ষেত্রে আছেন।
আলী হাসানসহ কয়েকজন দেশে ফেরার আকুতি জানিয়েছেন। তাঁদের পরিবারও এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেছে। তবে সুস্থ হলে দেশে ফেরানোর আশ্বাস পেলেও আবার যুদ্ধে পাঠানোর আশঙ্কা করছেন তাঁরা।







