ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নরওয়ে পৌঁছেছেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং নর্ডিক অঞ্চলের নেতাদের সঙ্গে ইউক্রেনের যুদ্ধ অবসানে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন।
জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, মার্কিন বিশেষ দূত উইটকফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া নরওয়ের রাজা হ্যারাল্ডের সঙ্গে সাক্ষাৎ এবং পার্লামেন্টে বৈঠক করারও কথা রয়েছে তার। তিনি শান্তি প্রতিষ্ঠায় সহায়তা এবং যৌথ উৎপাদনের বিষয়েও আলোচনা করবেন বলে জানান।








