বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে আসার চেয়ে তিনি বর্তমানে রাজনীতির বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। নেপাল প্রিমিয়ার লিগে খেলতে এসে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এখন চিন্তাটায় অনেকটা চেঞ্জ এসে গেছে। সবকিছুই এখন পলিটিক্যাল চিন্তাধারার ভেতরে। সে জায়গা থেকে আসলে তেমন একটা ভাবনায় নেই যে, বিসিবির সঙ্গে থাকতে হবে, বোর্ড প্রেসিডেন্ট হতে হবে। এ রকম ইচ্ছা আসলে এখন নেই। যেটা আছে, পলিটিক্যাল চিন্তাগুলো অনেক বেশি।’
উল্লেখ্য, সাকিব মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এবং সরকার পরিবর্তনের পর তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার প্রস্তুতি নিলেও সরকারের অনুমতি না মেলায় তা সম্ভব হয়নি।




