গভীর রাতে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বাড়িতে মাদকবিরোধী অভিযানের নামে ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রায় তিন ঘণ্টার অভিযানে মাত্র এক বোতল মদ ও কিছু ইয়াবা উদ্ধার হওয়ায় পুলিশ কর্মকর্তাদের মধ্যেই বিস্ময় সৃষ্টি হয়েছে। এই ঘটনায় বাড়ির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
অভিযান শেষে ডিবির উদ্ধার তালিকায় হুইস্কির একটি খালি বোতল, এক লিটার রয়্যাল স্ট্যাগের বোতলে ৫০০ মিলিলিটার মদ, স্মিরনফ ভদকার বোতলে ২০০ মিলিলিটার মদ এবং একটি ইয়াবা বড়ি ও কিছু গাঁজা উদ্ধারের কথা উল্লেখ করা হয়েছে। আটক ৮৫ জনের মধ্যে নারীদের ১৫ দিনের ও পুরুষদের এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।








