কোমল পানীয় ‘সেভেন-আপ এক্সট্রা ফিজ’-এ নিম্নমানের উপাদান, অতিরিক্ত রাসায়নিকের উপস্থিতি এবং আইন অনুযায়ী মোড়কজাত না করার অভিযোগে ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সিমিন রহমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৬ নভেম্বর তাকে আদালতে হাজির হতে হবে। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে মামলাটি দায়ের করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, ল্যাব পরীক্ষায় বিএসটিআইর নির্ধারিত ৬টি মানদণ্ডের মধ্যে তিনটিতেই ফেল করেছে জনপ্রিয় ওই পানীয়টি। এতে অতিরিক্ত কৃত্রিম কেমিক্যাল ও কেমিক্যাল সুইটনার প্রয়োগ এবং মোড়কজাতকরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় পানীয়টি বাজার থেকে প্রত্যাহারেরও নির্দেশনা চাওয়া হয়েছে।








