গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদকসহ আটক দুই আসামিকে ছিনিয়ে নিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় রামদার আঘাতে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এটিএসআই) মো. নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাদক বিক্রির অভিযোগে আনিছ ও শিমলাকে আটক করে ফাঁড়িতে আনার পর ২৫-৩০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। অন্য পুলিশ সদস্য ও স্থানীয়দের সহায়তায় হামলাকারীরা পিছু হটলে আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়।








