জাতিসংঘের একটি তদন্ত মিশন জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্রের দুটি সামরিক হামলায় যুদ্ধাপরাধ সংঘটিত হওয়ার যুক্তিসঙ্গত ভিত্তি রয়েছে। ফেব্রুয়ারিতে মিনাব শহরের একটি স্কুল ও লামের্দ শহরের একটি ক্রীড়া স্থাপনায় চালানো হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটে, যা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধের আওতায় পড়তে পারে। অন্যদিকে, সরকারবিরোধী বিক্ষোভ দমনে ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগও তুলেছে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়, স্কুল হামলায় ১৫০ জনের বেশি নিহত হন, যাদের অধিকাংশই শিক্ষার্থী ছিল। ক্রীড়া স্থাপনায় হামলায় ২২ জন বেসামরিক নিহত বা আহত হন। এছাড়া, বিক্ষোভ দমনে ইরান সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করা হয়েছে, যার মধ্যে রয়েছে অবৈধ হত্যাকাণ্ড, নির্যাতন ও গুম।





