ইসরায়েলে আসন্ন নির্বাচনে নেতৃত্বে পরিবর্তন এলেও ইরানকে ঘিরে দেশটির সামরিক কৌশল ও নিরাপত্তানীতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা কম। আঞ্চলিক নীতিনির্ধারক ও বিশ্লেষকদের মতে, ইরানকে প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখা, সামরিক শক্তির প্রয়োগ এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে দূরে সরিয়ে রাখার নীতি অব্যাহত থাকতে পারে।
বিশ্লেষকদের মতে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর গাজা, লেবানন ও ইরানকে ঘিরে যুদ্ধ ইসরায়েলের নিরাপত্তানীতির ভিত্তি আরো কঠোর করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কট্টর ডানপন্থী জোটের সমর্থনে আবারও ক্ষমতায় ফিরলে দেশটির নিরাপত্তানীতি আরো কঠোর হতে পারে, যা ইরানের বিরুদ্ধে যুদ্ধ জোরদার করা এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নিয়ন্ত্রণ বাড়াতে পারে।







