মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে, যার অংশ হিসেবে 'মাদার অব অল বোম্বস' (এমওএবি) নামে পরিচিত জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের বিষয়টিও বিবেচনায় রয়েছে। সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিলে এই বোমা ইরানের জ্বালানি অবকাঠামো বা পিকঅ্যাক্স মাউন্টেনের সন্দেহভাজন পারমাণবিক কেন্দ্রে ব্যবহার করা হতে পারে।
এমওএবি মার্কিন অস্ত্রাগারের সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা, যা প্রায় ৯টি সিটি ব্লকের সমপরিমাণ এলাকা ধ্বংস করতে সক্ষম। এটি মূলত মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতে এবং ভূপৃষ্ঠের শক্ত অবকাঠামো ধ্বংস করতে তৈরি করা হয়েছিল। তবে ভূগর্ভের গভীরে থাকা পারমাণবিক স্থাপনা ধ্বংস করার ক্ষেত্রে এর কার্যকারিতা সীমিত বলে মনে করা হচ্ছে।







