ইউক্রেনে মার্কিন মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নীরব রয়েছে। অথচ ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলার কারণে মার্কিন ভোক্তাদের ক্ষতি হচ্ছে—এমন যুক্তি দেখিয়ে কিয়েভের ওপর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। ইউক্রেনে ব্যবসা পরিচালনাকারী মার্কিন প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা ট্রাম্প প্রশাসনের এই দ্বিমুখী অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন।
কোকা-কোলা, পেপসিকো, ম্যাকডোনাল্ডসের মতো পরিচিত ব্র্যান্ডের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনে আমেরিকান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট অ্যান্ডি হান্ডার বলেন, ‘এটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি হামলা। তারা বারবার এসব স্থাপনায় আঘাত হানছে। এর মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে যে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোই তাদের লক্ষ্য। কিন্তু এ বিষয়ে হোয়াইট হাউসের কোনও প্রতিক্রিয়া আমরা দেখছি না।’







