আলবেনিয়ায় শিক্ষাব্যয় বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের দুরবস্থা ও চাকরির সংকটের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। বিক্ষোভকারীরা দেশটির প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানালেও প্রধানমন্ত্রী এদি রামা তা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, জনগণের কথা শোনা এবং যৌক্তিক সমস্যার সমাধান করাই তার দায়িত্ব।
রাজধানী তিরানায় টানা তৃতীয় দিনের মতো আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করেছে। বিক্ষোভকারীরা শিক্ষা মন্ত্রণালয়ের ভবনে আগুন ধরিয়ে দেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর করেন। বুধবারের বিক্ষোভে ৫১ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন এবং ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে।







