অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় এক সহকর্মীর রান্না করা তরকারিতে শামুক মারার বিষ মেশানোর অভিযোগে ৪৩ বছর বয়সী এক নারীকে অভিযুক্ত করেছে পুলিশ। এ ঘটনায় কয়েক মাস ধরে তদন্তের পর ওই নারীর বিরুদ্ধে অন্য ব্যক্তির জীবন, স্বাস্থ্য বা নিরাপত্তা বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে। আগামী ৫ নভেম্বর তার আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।
পুলিশের অভিযোগ, গত ফেব্রুয়ারিতে ৫৮ বছর বয়সী এক নারী তার সহকর্মীদের জন্য খাবার হিসেবে তরকারি রান্না করেছিলেন। দুপুরের খাবারের সময় অবশিষ্ট তরকারি খেতে গিয়ে তিনি তাতে উজ্জ্বল সবুজ রঙের দানাদার পদার্থ দেখতে পান এবং খাবারটি চেখে দেখার পর তার জিহ্বাও অবশ হয়ে আসতে থাকে। পরীক্ষা করে দেখা যায়, তরকারিতে মেশানো পদার্থটি ছিল শামুক মারার বিষাক্ত দানা, যাতে মেটালডিহাইড নামের রাসায়নিক উপাদান রয়েছে।








