ইয়েমেনের রাজধানী সানায় সম্ভাব্য সামরিক আগ্রাসনের জবাবে সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি দিয়েছে হুতি বিদ্রোহীরা। মঙ্গলবার এক ঘোষণায় গোষ্ঠীটি জানায়, সানা আক্রান্ত হলে সৌদি আরবের দাম্মামে অবস্থিত আরামকোর প্রধান কার্যালয়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদের আরামকো শোধনাগারকে লক্ষ্যবস্তু করা হবে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি তেল স্থাপনাগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করে সেখানে কর্মরত বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও শ্রমিকদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। বিমানবন্দর ও আকাশপথেও হামলার আশঙ্কার কথা জানানো হয়েছে। এই হুমকি চলমান সংঘাতকে আরও বাড়িয়ে তুলেছে।










