পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ইয়েমেনের হুতিদের সাম্প্রতিক হামলার পর সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পাকিস্তানের ত্রিপক্ষীয় মক্কা প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে। তিনি বুধবার পাকিস্তানি টেলিভিশন চ্যানেল জিও নিউজের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। সৌদি আরব ও দেশটির পবিত্র স্থানগুলোর সুরক্ষা নিশ্চিত করা পাকিস্তানের দায়িত্ব এবং এর জন্য কোনও আনুষ্ঠানিক চুক্তির প্রয়োজন নেই বলেও জানান তিনি।
খাজা আসিফ বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানের ক্ষেত্রে প্রযোজ্য এবং ইসলামাবাদ এর দায়িত্ব পালন করবে। তবে সামরিক বা প্রতিরক্ষা কৌশলের বিস্তারিত প্রকাশ্যে আলোচনা করা হবে না। তিনি আরও জানান, হুতিদের হামলা নিয়ে সৌদি আরবের উদ্বেগের বিষয়টি পাকিস্তান ইরানের কাছে পৌঁছে দিয়েছে এবং আঞ্চলিক সংঘাত যাতে নতুন এলাকায় ছড়িয়ে না পড়ে, সেজন্য ইসলামাবাদ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে।





