পর্তুগালের রাজধানী লিসবনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বাড়িভাড়ার ঊর্ধ্বগতি ও আবাসন সংকটের প্রতিবাদে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের দাবিতে তারা বিভিন্ন সড়কে সমবেত হন। শনিবার (১০ অক্টোবর) ‘নাও দ্য মাইস পারা ভিভার আসিম’ নামে একটি নাগরিক প্ল্যাটফর্ম এই বিক্ষোভের আয়োজন করে, যার অর্থ ‘এভাবে আর বেঁচে থাকা সম্ভব নয়’।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বাড়িভাড়া, খাদ্যপণ্য, বিদ্যুৎ ও জ্বালানির ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে স্বল্প ও মধ্যম আয়ের পরিবার, তরুণ, শিক্ষার্থী এবং অভিবাসীরা আবাসনসংক্রান্ত অনিশ্চয়তায় ভুগছেন। আন্দোলনকারীরা সাশ্রয়ী বাড়িভাড়া নিশ্চিত করা, সরকারি আবাসনের সংখ্যা বাড়ানো এবং ভাড়াটিয়াদের অধিকার সুরক্ষার দাবি জানান।













