কেনিয়ায় প্রথমবারের মতো প্রাণঘাতী ইবোলা ভাইরাস শনাক্ত হয়েছে। কেনিয়ার এক নাগরিক, যিনি সাত বছর ধরে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) বসবাস করছিলেন, তিনি অসুস্থ হয়ে দেশে ফেরার পর নাইরোবিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর শরীরে বিরল ‘বুন্দিবুগিও’ প্রজাতির ইবোলা ভাইরাস শনাক্ত হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী অ্যাডেন দুয়ালে জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তি সড়কপথে উগান্ডা হয়ে কেনিয়ায় আসেন। বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জ্বরের মতো উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করা হয় এবং ইবোলা নিশ্চিত হয়। তাঁর সংস্পর্শে আসা অন্তত ২৮ জনকে শনাক্ত করা হয়েছে এবং একই ফ্লাইটে আসা আরও ২৩ যাত্রী ও চার ক্রু সদস্যকে খোঁজা হচ্ছে।





