রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে আজ রোববার বেলা সোয়া একটা থেকে দুইটার মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কে বা কারা জড়িত, তা এখনো জানা যায়নি। এর আগে সকালে পল্লবীর সিরামিক রোডে একটি বাসে আগুন লাগে। গতকাল শনিবারও রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনার জেরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীতে তল্লাশি জোরদার করেছে।
রাজধানীর প্রবেশ ও গুরুত্বপূর্ণ স্থানসহ ২০০টির বেশি তল্লাশিচৌকি বসানো হয়েছে। সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে ৫২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।









