হলিউড তারকা টম ক্রুজ তার দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে অভিনয় করছেন। ‘ডিগার’ নামক নতুন সিনেমায় তাকে একজন বয়স্ক ও বিপর্যস্ত শিল্পপতির ভূমিকায় দেখা যাবে, যিনি পরিবেশগত সংকটে জর্জরিত। সিনেমাটিতে জলবায়ু পরিবর্তনের রাজনীতি, কর্পোরেট লোভ এবং বিত্তশালী শ্রেণির জীবনযাত্রা তুলে ধরা হয়েছে।
১৩ কোটি ডলার বাজেটে নির্মিত এই ডার্ক কমেডি সিনেমাটি পরিচালনা করেছেন অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো গনজালেস ইন্যারিতু। এতে ক্রুজকে একজন খনি ও তেল ব্যবসায়ী হিসেবে দেখা যাবে, যিনি নিজের বিবেক এবং সমালোচকদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। চলতি মাসের শুরুতে ক্রুজ জানান, এটি তার অভিনয় জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র। সিনেমাটির প্রাথমিক প্রতিক্রিয়া মিশ্র হলেও, এটি দর্শকদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।



