রাজধানীর মেট্রোরেল স্টেশনে কর্মরত ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের সদস্যরা দীর্ঘ ১৮ মাস ধরে তাদের ভ্রমণ ভাতা (টিএ) ও দৈনিক ভাতা (ডিএ) পাচ্ছেন না। সিলেট জেলা থেকে আসা পুলিশ সদস্যরা এই বকেয়া বিল পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এমআরটি পুলিশের নিজস্ব জনবল কাঠামো না থাকায় দেশের বিভিন্ন জেলা থেকে সদস্যদের এনে সংযুক্ত করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী, মাসে ২১ দিন ডিউটি পালনের পর তারা এই ভাতা পাওয়ার কথা। তবে বাজেট সংকটের কারণে সিলেট জেলা পুলিশ থেকে আসা সদস্যদের এই অর্থ পরিশোধ করা হচ্ছে না। অন্যান্য জেলা থেকে আসা সদস্যদেরও কয়েক মাসের বিল বকেয়া রয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে মেট্রোরেল পুলিশ সদস্যদের অতিরিক্ত ডিউটি পালন করতে হয়, এমনকি ছুটির দিনেও। এই পরিস্থিতিতে তাদের বকেয়া ভাতা না পাওয়াটা চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এমআরটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, বাজেট বরাদ্দ হলেই বকেয়া বিল পরিশোধ করা হবে।


