ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছে। দেশটির দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। তাদের মতে, এই কৌশলের লক্ষ্য বিশ্ববাজারে তেলের দাম চড়া রেখে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলা। প্রায় ১০ দিন আগে থেকে এই কৌশল প্রয়োগ শুরু হয়েছে এবং হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ৪৮ ঘণ্টায় হরমুজ প্রণালিতে অন্তত ৫টি হামলার ঘটনা ঘটেছে, যার মধ্যে ড্রোন হামলাও ছিল।
মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান এখন ছোট নৌকায় করে নিরস্ত্র পর্যবেক্ষক বা ‘স্পটার’ ব্যবহার করছে। এই স্পটাররা মার্কিন নৌবাহিনীর জাহাজসহ অন্য লক্ষ্যবস্তু শনাক্ত করছে এবং বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কাছে তথ্য পাঠাচ্ছে। ইরানের লক্ষ্য বিশ্ববাজারে তেলের দাম কমানোর মার্কিন প্রচেষ্টা নস্যাৎ করে দেওয়া।











