পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পর 'পাওয়ার স্টার্ট' বা সি-স্টেজ নামে পরিচিত চূড়ান্ত ধাপের পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) এই ধাপ শুরুর অনুমতি দিয়েছে। এই পর্যায়ে জাতীয় গ্রিডে সীমিত পরিসরে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
ভৌত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বায়েরার অনুমোদনে শুরু হওয়া এই ধাপে বিদ্যুৎকেন্দ্রের নিরাপদ ও স্থিতিশীল কার্যক্রম যাচাই করা হবে। চুল্লি, শীতলীকরণ ব্যবস্থা, টারবাইন, জেনারেটর ও বিদ্যুৎ ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। ধাপে ধাপে ক্ষমতা বাড়িয়ে পর্যবেক্ষণ করা হবে এবং জেনারেটর জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হবে।




